নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিদ্দিকুর (৪৫) ও শাহজাহান (৩৫)।
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবদিকদের জানান, সকাল পৌনে ৯টায় আধুরিয়া এলাকায় নরসিংদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যায় বলে ওসি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "হতাহতরা বেশিরভাগই শ্রমিক এবং তাদের বাড়ি আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায়।"
পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24