২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানার ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা সার কারখানার সাবেক ও বর্তমান ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

জামালপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা সার কারখানার সাবেক ও বর্তমান ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের টাঙ্গাইল-জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহম্মেদ বাদি হয়ে সরিষাবাড়ি থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে সার কারখানার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েত আলী, মহাব্যবস্থাপক (প্রশাসন) ফজলুল হক, সিবিএ সভাপতি মুর্শেদুল আলম ও সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদাকে। সরিষাবাড়ি থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৩২। অভিযুক্ত বর্তমান ও সাবেক ১৩ কর্মকর্তা এবং সিবিএ নেতার মধ্যে বেশ কয়েকজন একাধিক মামলার আসামি। বাদি দেওয়ান সফিউদ্দিন আহম্মেদ জানান, ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে অভিযুক্তরা যোগসাজশে ৪ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাত করে। ভুয়া ভ্রমণ ভাতা, অতিরিক্ত কাজের মজুরি (ওভার টাইম) এবং প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি শ্রমিক দেখিয়ে এই অর্থ আত্মসাত করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা সার কারখানা সরকারি-বেসরকারি খাতের সার কারখানাগুলোর মধ্যে ইউরিয়া সার উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২৫৩ ঘ.