সুনামগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজা উপজেলার ঘুরেষপুর গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
গুরুতর আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
দোয়ারাবাজার থানার ওসি সাইদুর রহমান জানান, ঘুরেষপুর গ্রামের সেরুজ্জামান ও মোজাহিদুলের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে ৩টার দিকে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২২২৭ ঘ.
bdnews24