গাজীপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়ার হোসেন জানান, গাজীপুর সদরের বাসন সড়ক সংলগ্ন মার্চেন্ট নামের পোশাক কারখানার শ্রমিকরা গত ৩ মাসের বকেয়া পরিশোধের জন্য কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলো। কর্তৃপক্ষ বৃহস্পতিবার তা পরিশোধের আশ্বাস দেয়।
তিনি বলেন, "তবে নির্ধারিত সময়ে তা পরিশোধ না করায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সাড়ে ৬টার দিকে তারা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। প্রায় আধ ঘণ্টা অবরোধ থাকায় সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।"
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেয়। এরপর তারা কারখানার ফটকে অবস্থান নেয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশ আলোচনায় বসে।
এএসপি মনোয়ার আরও জানান, কারখানা মালিকের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন মালিকের সঙ্গে আলোচনা করে আগামী ৩ জানুয়ারি বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২২০৫ ঘ.
bdnews24