বগুড়া, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের এক ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারের পর এএসআই মিজানুরকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।"
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি গ্রামের প্রয়াত তারাজুল্লার ছেলে আলু ব্যবসায়ী আকবর হোসেনের ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সদর থানার আরেক এএসআই রোকশানা খাতুন মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, আকবর মঙ্গলবার রাতে ঢাকায় আলু বিক্রি করে বাবুল এন্টারপ্রাইজের একটি নৈশ কোচে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে গাড়িটি বগুড়ার সাতমাথায় পৌঁছায়। তখন তিনি নিরাপত্তার অভাব মনে করে গাড়ি থেকে নেমে থানায় আশ্রয় নিয়ে দায়িত্বরত এএসআই মিজানের কাছে তার ৪২ হাজার টাকা জমা রাখেন।
বুধবার সকালে টাকা চাইলে মিজান তা দিতে অস্বীকার করলে আকবর থানা থেকে বেরিয়ে গাড়ির নীচে আত্মহত্যার চেষ্টা করেন। এ অবস্থায় কর্তব্যরত পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে থানা ব্যারাকের দোতালার বাথরুমে গিয়ে কাচের টুকরো গলায় চালিয়ে আবারো আত্মহত্যার চেষ্টা করেন আকবর।
সেখান থেকে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৭৩০ ঘ.
bdnews24