মারুফ আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কিংবা বেসরকারি কোনো সাহায্যের আশায় না থেকে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামবাসী।
হাওর এলাকা বলে সুতারপাড়া গ্রামের রাস্তাটি বছরের ছয় মাস থাকে পানির নিচে। ফলে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ জেলা ও উপজেলা সদরে যাতায়াত এবং মালামাল পরিবহনসহ অন্যান্য ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে।
গ্রামবাসীর অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন-নিবেদন করেও লাভ হয়নি। তাই গ্রামের নারী-পুরুষ মিলে গত ১৫ ডিসেম্বর থেকে শুরু করে রাস্তা নির্মাণের কাজ।
এ জন্য গঠন করা হয়েছে গ্রাম উন্নয়ন কমিটি। কাজ করে যাচ্ছেন উত্তর সুতারপাড়া, দক্ষিণ সুতারপাড়া ও পাথারিয়াপাড়ার বাসিন্দারা।
নারী-পুরুষ উৎসবের আমেজে নিজেরাই মাটি কেটে তা বহন করে রাস্তায় ফেলা এবং সমতল করার কাজ করছে।
আগামী সপ্তাহের মধ্যেই রাস্তার নির্মাণের কাজ শেষ হবে বলে জানান গ্রাম উন্নয়ন কমিটির সমস্যরা।
সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুর ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামবাসীদের পরিকল্পনা অনুযায়ী রাস্তাটি ৪ ফুট উঁচু করে এক কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সুতারপাড়াসহ পাশের বারঘরিয়া, ভূষারকান্দা, আশুতকা, উজানবরাটিয়া, মোকামবাড়ি, জলকান্দা, খয়রত, উরদিঘী, গুণধর, মরিচখালী ও নোয়াবাদ গ্রামের প্রায় এক লাখ মানুষ উপকৃত হবে। "
"ফলে এসব এলাকার পথচারীদের চলাচলসহ মালামাল পরিবহন যেমন সহজ সাধ্য হবে তেমনি আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে বছরের একমাত্র ফসল বোরো ধান", বলেন তিনি।
উত্তর সুতারপাড়া গ্রামের মার্জিনা খাতুন (৩৮) দুর্ভোগের কথা জানিয়ে বলেন, "আমরা নারী-পুরুষ মিলেমিশে মাটি ফেলে রাস্তা করছি কারণ রাস্তাটি ছয় মাস পানিতে ডুবে থাকায় আমাদের চলাচলে মারাত্মক অসুবিধা হয়। ঈদগাহ, মসজিদ, হাট-বাজার এমনকি কেউ মারা গেলে লাশ পরিবহনেও আমাদের দুর্ভোগ পোহাতে হয়।"
পাতারিয়া গ্রামের আবুল কালাম (৪২) জানান, সরকারের কাছে আবেদন জানিয়ে কাজ না পাওয়ায় নিজেরাই রাস্তা নির্মাণ করছেন।
সাধারণ গ্রামবাসীদের সঙ্গে মাটি কাটায় শ্রম দেওয়া করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলী বলেন, "আমরা সরকারের মুখের দিকে না থাকিয়ে নিজেরাই রাস্তাটি নির্মাণ করছি। সরকার যদি জনগণকে স্বেচ্ছাশ্রমে উৎসাহিত করে তবে দেশ এগিয়ে যাবে।"
সুতারপাড়াবাসীর এ উদ্যোগ সংগঠিত করতে ভূমিকা রেখেছে বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24