২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষা প্রকল্পের জনবল রাজস্ব খাতে নেওয়ার দাবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ছয়টি প্রকল্পে কর্মরত সবার চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কারিগরি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেডারেশন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ছয়টি প্রকল্পে কর্মরত সবার চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কারিগরি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেডারেশন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা কারিগরি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১টার দিকে আগারগাঁও এলাকায় সমবেত হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার আগে তারা আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেন। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি প্রকৌশলী প্রদীপ্ত খীসা, সাধারণ সম্পাদক শিশির কুমার ধর প্রমুখ। ফেডারেশনের সদস্য নূর উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরি রাজস্ব খাতে না নেওয়া হলে প্রায় আড়াই হাজার শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। এসব প্রকল্পের আওতায় প্রায় ৬০ হাজার শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান। উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা চাকরি হারাচ্ছেন- বিভিন্ন সংবাদপত্রে এ খবর প্রকাশ হওয়ার পর গত ২০ ডিসেম্বর ফেডারেশন গঠন করে আন্দোলনে নামেন। নূর উদ্দিন জানান, চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আগামী ৩, ৬ ও ১০ জানুয়ারি কর্মবিরতি এবং ১৭ জানুয়ারি মানববন্ধন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪৪৫ ঘ.