২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যেক ইউপিতে তথ্যকেন্দ্র স্থাপনের সুপারিশ

বর্তমান সরকারের মেয়াদে দেশের প্রত্যেক ইউনিয়ন পরিষদে (ইউপি) তথ্যকেন্দ্র স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় একটি স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 06:25 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদে দেশের প্রত্যেক ইউনিয়ন পরিষদে (ইউপি) তথ্যকেন্দ্র স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় একটি স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের বৈঠকে তৃণমূল পর্যায়ে তথ্যকেন্দ্রের সেবা চালু করার জন্য ইউনিয়ন পরিষদগুলোকে কম্পিউটার, ইন্টারনেট ও প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি দিয়ে সাজানোর এ সুপারিশ করে। কমিটি জানিয়েছে, তারা মনে করছে তথ্যকেন্দ্রগুলো প্রতিষ্ঠিত হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য পাওয়ার সুযোগ পাবে। বর্তমানে দেশে ৪ হাজার ৪৯৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সংসদীয় কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর সদস্য জুনাইদ আহমেদ পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয় প্রত্যেক উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের পরিকল্পনা উপস্থাপন করেছিলো। তবে কমিটি তা প্রত্যেক ইউনিয়নে করার সুপারিশ করেছে।" তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জনগণকে কৃষি, অভিবাসন, চাকরি ও অন্যান্য বিষয়ের তথ্য সরবরাহ করতে ইউনিয়ন পরিষদগুলোকে কম্পিউটার, ইন্টারনেট ও প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি দিয়ে সাজাবে। "উদাহরণ স্বরূপ, গ্রামের একজন মা তথ্যকেন্দ্রে যেয়ে তার প্রবাসী সন্তানদের সম্পর্কে জানতে পারবে", বলেন পলক। তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে আগামী বছর এ ধরনের কিছু তথ্যকেন্দ্র স্থাপন করবে এবং পরবর্তীতে তার সংখ্যা বাড়ানো হবে। এর পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঁচশ'র বেশি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করবে বলে সংসদীয় কমিটির এই সদস্য জানান। তথ্যকেন্দ্রগুলো পরিচালনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মানবসম্পদ তৈরিতে কারিগরী সহায়তা দেবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/১১২০ ঘ.