খুলনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকরা তাদের ঋণ ঠিকভাবে কাজে লাগাতে পারলে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর আতিউর রহমান।
বুধবার বিকেলে খুলনায় এক ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সরকার কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুত করতে কাজ শুরু করেছে বলে আতিউর রহমান বলেন, এজন্য কৃষকদের মধ্যে সরাসরি ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ফুলতলা উপজেলা শাখা কৃষি ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় মহা-ব্যবস্থাপক হারুন-অর-রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, নির্বাহী পরিচালক মীর আব্দুর রহিম ও ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিঠু।
এর আগে গর্ভনর যশোরের রূপদিয়া শাখা কৃষি ব্যাংক আয়োজিত একই রকমের একটি অনুষ্ঠানে অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৪৪ঘ.
bdnews24