রাঙামাটি, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকায় দ্রুত জরিপ করে ভূমি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বুধবার অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একাদশ বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সেনা ক্যাম্প প্রত্যাহার করার কারণে কারো মধ্যে যাতে নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয় সেদিকেও বিশেষভাবে নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
সেনা প্রত্যাহার করা স্থানে প্রয়োজনে বাড়তি পুলিশ অথবা বিডিআর মোতায়েন করা যেতে পারে বলেও মত দেওয়া হয়।
কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে বৈঠকে সদস্য পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাছ খান, আনম শামসুল ইসলাম, হামিদা বানু শোভা ও আজিজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সভাশেষে অলি আহমদ ও একে খন্দকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অলি আহমদ বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের প্রসারের জন্য তিন জেলায় দুই লেনের সড়ক নির্মাণ, কেবল কার স্থাপন ও কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের জন্য প্রকল্প নিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রত্যন্ত গ্রামীণ পার্বত্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে (ইউএনডিপি) সোলার প্ল্যান্ট স্থাপনে প্রকল্প নেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়।
এ কে খন্দকার বলেন, পার্বত্য এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ভূমি জরিপ করতে হবে।
বৈঠক শেষে কমিটির সদস্যরা পার্বত্য মন্ত্রণালয় ও ইউএনডিপি'র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব হাবিবুল্লা মজুমদার, পার্বত্য মন্ত্রণালয় সচিব মাসুদ আহমেদ চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্তি প্রধান প্রকৌশলী সাঈদ আহমেদ, ইউএনডিপি কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩০ঘ.
bdnews24