ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষার্থীদের জন্যে ইতোমধ্যেই ৬৫ ভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী বছরের প্রথম সপ্তাহেই বাকী বই পৌঁছে দেওয়া হবে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় মন্ত্রী আফসারুল আমীন এ কথা জানিয়েছেন বলে কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী জানান।
ফরিদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষার্থীদের কাছে শিক্ষা কার্যক্রম শুরুর আগেই বই পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্যে ৯৪ ভাগ বই ছাপানোর কাজ শেষ হয়েছে। বাকী ছয় ভাগও এ মাসের মধ্যেই শেষ হবে। ইতোমধ্যেই ৬৫ ভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। বাকী বই জানুয়ারীর প্রথম সপ্তাহেই পৌঁছে দেওয়া হবে।
ফরিদ গাজী বলেন, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছেছে কিনা তা মন্ত্রণালয়কে মনিটর করার জন্যও সভায় প্রস্তাব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/এসকে/২১৩১ঘ.
bdnews24