২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একবছরে কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেনি: শেখ হাসিনা

দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান কঠোর থাকবে একথা আবারো জোরের সঙ্গে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান কঠোর থাকবে একথা আবারো জোরের সঙ্গে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখবো। সরকারের এক বছরে আমাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারে নাই। এটা সরকারের সবচেয়ে বড় সাফল্য।'' (বিস্তারিত) প্রধানমন্ত্রী এনডিসির একাদশ গ্র্যাজুয়েশন কোর্স সমাপনীর সনদ বিতরণ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- এলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত একটি দৈনিক কথিত ঘুষ গ্রহণের অভিযোগ তোলার প্রেক্ষাপটে শেখ হাসিনা এ কথা বললেন। আওয়ামী লীগ নেতারা ওই অভিযোগকে মিথ্যাচার বলে নাকচ করে দিয়ে বলেছেন, খালেদা জিয়ার সময়ে তারেক রহমানের দুর্নীতি আড়াল করতেই এ অভিযোগ তোলা হয়েছে। শেখ হাসিনা তার সরকারের এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন বাকি থাকার প্রসঙ্গ তুলে বলেন, "কিছুদিনের মধ্যে আমরা এক বছর পূর্ণ করবো। আপনার নিশ্চয়ই এটা স্বীকার করবেন, অন্তত এই এক বছরে কেউ বলতে পারেনি, অমুক মন্ত্রী দুর্নীতি করে যাচ্ছে। এ ধরনের অভিযোগ এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি। শিগগিরই যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডে জড়িতদেরও বিচার করা হবে। এনডিসির গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্স করা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে আগাম তথ্য জানিয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে বলে অভিমত দেন প্রধানমন্ত্রী। প্রতিবেশি দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের প্রতিরক্ষা এবং সশস্ত্রবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী দেশের জন্য একটি শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে এবং জঙ্গিবাদের বদনাম ঘুচে গেছে-এ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "সব বাধা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে।" প্রধানমন্ত্রী বলেন, "জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ অনেক দেশের উন্নয়নকে ব্যাহত করছে, মানবাধিকার লঙ্ঘন ও মানবতার ওপর আঘাত হানছে। অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির বিষয়গুলোর দিকে চোখ বন্ধ করে রাখা আজকের বিশ্বে সম্ভব নয়।" কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশসহ যেসব দেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে তা আমি সম্মেলনে তুলে ধরেছি। এ অবস্থা থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষায় আন্তর্জাতিক ফান্ড গঠনের জোরালো দাবির কথাও আমি বলেছি।" প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স স্টাফ কলেজে পৌঁছলে কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। এনডিসি'র এ গ্র্যাজুয়েশন কোর্সে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব, নাইজেরিয়া, সুদান, জর্ডান, কাতার, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ৪৪ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও মেজর জেনারেল আবদুল ওয়াদুদ, সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/২১০০ঘ.