ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলায় রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিমাণ দ্বিগুন করেছে বাংলাদেশ ব্যাংক।
এতোদিন এ তহবিলের পরিমাণ ছিল ১৫০ মিলিয়ন (১৫ কোটি) ডলার। মঙ্গলবার তা বাড়িয়ে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার করা হয়েছে।
বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারির পরই তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় রপ্তানিকারকদের ঋণ দেওয়া হয়ে থাকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রপ্তানিকারকদের বিশ্বমন্দার ক্ষতি পুষিয়ে দিতে ইডিএফ তহবিলের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এর ফলে রপ্তানিকারকরা উপকৃত হবে।"
তিনি বলেন, এতোদিন বাংলাদেশ বস্ত্র শিল্প মালিকরা (বিটিএমএ সদস্যভূক্ত বস্ত্র শিল্প মালিকরা) এ তহবিল থেকে কোনো ঋণ পেতেন না। কিন্তু এখন তারা সুতা আমদানির জন্য এ তহবিল থেকে ঋণ পাবেন। তবে শর্ত থাকবে যে, সেই সুতা দিয়ে পোশাক তৈরি করে তা রপ্তানি হতে হবে।
ওই সার্কুলারে বলা হয়, আগামী ১ জানয়ারি থেকে ব্যাংকগুলো লন্ডন ইন্টার ব্যাংক অপার রেট (লাইবর) ও ১ শতাংশ সুদে (লাইবর ১ শতাংশ) কেন্দ্রীয় ব্যাংকের ইডিএফ ফান্ড থেকে ঋণ নিয়ে সেই সেই ঋণ লাইবর ও ২ দশমিক ৫০ শতাংশ (লাইবর ২.৫০ শতাংশ) সুদে রপ্তানিকারকদের ঋণ দেবে।
এতোদিন লাইবর রেটে ইডিএফ তহবিল থেকে ঋণ দিয়ে তার সঙ্গে ২ দশমিক ৫০ (লাইবর ২.৫০) শতাংশ সুদে রপ্তানিকারকদের ঋণ দিতো।
চলতি বছরের ৩১ ডিসেম্বর বিদ্যমান নিয়ম বাতিল হয়ে হয়ে যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/০০৫২ ঘ.
bdnews24