ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সিনিয়র সহকারী সচিবদের মধ্যে চারজনকে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি ও নিয়োগ করা হয়।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে বরিশাল ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মাহমুদ হাসানকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (অর্থ), সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত মিজান উল আলমকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় পুষ্টি কার্যক্রমের উপ-পরিচালক মাহবুব-উল আলমকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক নেছার আহমদকে বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক (সেল) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেলোয়ার হোসেনকে বান্দরবান, রাজশাহীর এডিসি আব্দুল বারিককে মৌলভীবাজার এবং বান্দরবানের এডিসি হায়দার জাহান ফরাসকে কিশোরগঞ্জের এডিসি হিসেবে বদলি করা হয়।
কুড়িগ্রামের রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এছাড়া ওএসডি সিনিয়র সহকারী সচিব কিরণ চন্দ্র রায়কে পাকশীতে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24