২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে আবারো সাবধান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আবারো বললেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করলে ছাত্রলীগকেও কোন ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আবারো বললেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করলে ছাত্রলীগকেও কোন ছাড় দেওয়া হবে না। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ সাবধানবাণী উচ্চারণ করেন। সাহারা খাতুন বলেন, "ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগেরও পূর্বে এর জন্ম। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে দেশের জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করতে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ।" 'ছাত্রলীগ ও যুবলীগের নামে' যারা চাঁদাবাজি ও সন্ত্রাস করে, তারা কোনভাবেই ক্ষমতাসীন সরকারের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন মন্ত্রী। ছাত্রলীগ, যুবলীগে 'অনুপ্রবেশকারীরা' ওই চাঁদাবাজি করে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৯১ এর নির্বাচনে পরাজয়ের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এক 'গবেষণার' উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ছাত্রদল শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে তাদের মাধ্যমে নারী ভোটব্যাংককে প্রভাবিত করেছিল। এভাবেই বিএনপি নির্বাচনে জিতে যায় মন্তব্য করে তিনি বলেন, "ছাত্রলীগকে সেই ভুল ইতিহাস সংশোধনে কাজ করতে হবে।" ছাত্রলীগ ভালোভাবে নিজ দায়িত্ব পালন করতে পারলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ঘাঁটি গেড়ে বসা শিবিরসহ মৌলবাদী শক্তিকে উচ্ছেদ করা সম্ভব হবে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২০০ঘ.