২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ফেরতের আদেশ প্রত্যাহার মরিশাসের

বাংলাদেশী শ্রমিক ফেরত পাঠাতে জারি করা আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মরিশাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী শ্রমিক ফেরত পাঠাতে জারি করা আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মরিশাস। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সোমবার মরিশাসের রাজধানী পোর্ট-লুই সফরের পরদিন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী আরভিন বুলেলের আমন্ত্রণে দীপু মনি ওই সফরে যান। বিবৃতিতে বলা হয়েছে, "দীপু মনি মরিশাস সরকারকে ২০০৯ সালের ডিসেম্বরের পরও বাংলাদেশী পুরুষ শ্রমিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো এবং নতুন শ্রমিক নেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান। "বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে মরিশাসের শ্রমমন্ত্রী ৩১ ডিসেম্বরের পর বাংলাদেশী শ্রমিক ফেরত পাঠানো নিয়ে মরিশাস সরকারের আগের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন।" মরিশাস সরকার বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী ও স্থপতি নেওয়ার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিশ্বমন্দার প্রভাব মোকাবেলার লক্ষ্যে গত জুলাই মাসে মরিশাস সরকার সেদেশে কর্মরত প্রায় ছয় হাজার বাংলাদেশি অভিবাসী শ্রমিককে চলে যাওয়ার নির্দেশ দেয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, প্রায় ১২ হাজার বাংলাদেশী শ্রমিক মরিশাসের পোশাক শিল্পে কাজ করছে। শ্রমিক ইস্যু নিয়ে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দীপু মনি সোমবার সকালে পোর্ট-লুইয়ে পৌঁছান। সফরে তিনি মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। মরিশাসের ভাইস-প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স ও ইকোনমিক এমপাওয়ারমেন্ট বিষয়ক মন্ত্রী রমাকৃষ্ণ সিথানেন, পররাষ্ট্রমন্ত্রী আরভিন বুলেল, শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক ও কর্মসংস্থান মন্ত্রী জ্যঁ ফ্রাঙ্কো চাউমিয়ার এবং শিল্প, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক মন্ত্রী ধরমবীর গোখুলের সঙ্গেও দেখা করেন দীপু মনি। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশী শ্রমিকদের প্রশংসনীয় দক্ষতার বিষয়ে মরিশাসের শ্রমমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। "এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশী শ্রমিকরা আন্তরিক, বিনয়ী ও কঠোর পরিশ্রমী।" সফরে দীপু মনি জনশক্তি রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। বিবৃতিতে বলা হয়েছে, "সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে তা মরিশাসে জনশক্তি রপ্তানি প্রক্রিয়াকে সহজতর করবে।" বাংলাদেশ ও মরিশাসের মধ্যে সোমবার দ্বৈত কর পরিহার ও অর্থ ফাঁকি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। পোর্ট-লুইয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী আরভিন বুলেল চুক্তিটিতে স্বাক্ষর করেন। আফ্রিকার মাদাগাস্কারের কাছে ভারত মহাসাগরের অবস্থিত পর্যটনপ্রধান দ্বীপ দেশ মরিশাসে দীপু মনির এটাই প্রথম সরকারি সফর। মঙ্গলবার রাতে তার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/২১১৬ ঘ.