ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মের পর থেকে জোড়া লাগানো মাথা নিয়ে দুটি জন্মদিন পালন করলেও তৃষ্ণা ও কৃষ্ণার এবারের জন্মদিন হচ্ছে ভিন্ন, কারণ এখন তারা আলাদা।
বাংলাদেশের এ শিশু দুটি মঙ্গলবার তাদের তৃতীয় জন্মবার্ষিকী পালন করছে।
পাঁচ সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হয় তৃষ্ণা-কৃষ্ণা। সোমবার তারা হাসপাতাল ছাড়ে বলে অস্ট্রেলিয়ার দি এইজ পত্রিকা জানায়।
শিশু দুটির আইনি অভিভাবক মোয়রা কেলি জানান, এটি তাদের জন্য নতুন কিছু শুরুর মতো ঘটনা।
তিনি বলেন, "অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তাই এটি তেমন বড় করে আয়োজন করা উচিত না। আমরা ছোট আকারে জন্মদিনের পার্টির আয়োজন করেছি।"
কেলি বলেন, "শিশু দুটির সফল অস্ত্রোপচার ও সুস্থ জীবনে ফিরে আসার বিষয়টির সঙ্গে যে কত জমজ জড়িয়ে ছিলেন!"
কেলির নিজের যমজ ভাই রয়েছে, তৃষ্ণা-কৃষ্ণাকে নিয়ে যিনি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন, তিনিও যমজ। এছাড়া রয়্যাল চিলড্রেন্স হাসপাতালে অস্ত্রোপচারেরও যুক্ত ছিলেন কয়েকজন যমজ।
তৃষ্ণা-কৃষ্ণা ক্রমেই সুস্থ হয়ে উঠছে। আর কৃষ্ণা প্রথমবারের মতো সোমবার হামাগুড়ি দিয়েছে। তারপরও এদের দুজনকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে বলে তাদের অভিভাবক জানান।
গত ১৬ নভেম্বর তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করতে দীর্ঘ অস্ত্রোপচারে অংশ নেন ১৬ জন চিকিৎসক।
মাথার খুলি, মস্তিস্কের অংশবিশেষ ও কিছু রক্তনালী জোড়া লাগানো শিশু দুটিকে অস্ত্রোপচারের জন্য 'চিলড্রেন্স ফার্স্ট ফাউন্ডেশন' অস্ট্রেলিয়ায় নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২০০ ঘ.
bdnews24