গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদার দাবিতে হামলার অভিযোগে গাজীপুর পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে সোমবার রাতে মামলা হয়েছে।
সদর উপজেলার পাজুলিয়া গ্রামে একটি বাড়িতে এ হামলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ হামলায় তিনজন আহত হয়ছে।
এ ঘটনায় গাজীপুর পৌর কাউন্সিলর জাবিউল্লাহ বক্সসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আসামিরা হলেন- গাজীপুর পৌর কাউন্সিলর জাবিউল্লাহ বক্স, তার ভাই সানাউল্লাহ, ভাতিজা লিটন ও রাজিব। এ ছাড়া অজ্ঞাত আরো ২/৩ জনকে মামলায় আসামি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- পাজুলিয়া গ্রামের সুলতানা রাজিয়া, নূরজাহান বেগম ও নূরুল ইসলাম। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, পাজুলিয়া এলাকায় রাজিয়া সুলতানা একটি বাড়ি করার পর থেকে স্থানীয় সন্ত্রাসী লিটন ও রাজিব তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দিলে ছেলেসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিত।
বিষয়টি তিনি লিটন ও রাজিবের চাচা গাজীপুর পৌরসভার কাউন্সিলর জাবিউল্লাহকে জানালে তিনিও টাকা দিয়ে বিষয়টি ফয়সালা করার কথা বলেন।
এর জের ধরে সোমবার দুপুরে জাবিউল্লাহ'র নির্দেশে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে রাজিয়ার বাড়িতে হামলা চালায়।
সন্ধ্যায় সুলতানা রাজিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ব্যাপারে জবিউল্লাহ বক্স ওরফে জাবির মিয়া বলেন, দুপুরে তিনি পৌরসভার মিটিংয়ে ছিলেন। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্তা ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24