২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ শিল্প কারখানা ও ইটভাটাকে জরিমানা

পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি ইটভাটা ও একটি শিল্প প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি ইটভাটা ও একটি শিল্প প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে পরিবেশ অধিদপ্তর। (আরো তথ্যসহ) আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, পরিবেশ ও বিএসটিআই'র অনুমতি এবং ইটের আকার সঠিক না থাকায় সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকার তাছলিম ব্রিকস্কে ৫০ হাজার, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজকে ৭০ হাজার, বাইমাইল এলাকার মেসার্স সিরাজ অ্যান্ড কোং-কে ৭০ হাজার এবং মোসার্স ফরিদ অ্যান্ড কোং নামের ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে দুপুরে বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর থাকায় টঙ্গীর আউচপাড়া এলাকার অরবিট প্রসেসিং মিলস প্রাইভেট লিমিটেড নামের ডায়িং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা ও মামলা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া গাজীপুর সদরের কোনবাড়ির প্যাসিফিক ফাইবার কর্পোরেশন নামের একটি পোশাক কারখানায় বর্জ্য শোধনাগার না থাকায় ও এঞ্জেলস কম্পোজিট কারখানার বর্জ্য শোধনাগার অকার্যকর থাকায় তাদের বিরুদ্ধে পরিবেশ আদালতে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জামশেদ আহমেদ। এদিকে, পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই অভিযোগে গাজীপুরের ক্রসলাইন নিটিং ফেব্রিক্স লি. ও টঙ্গীর ইকোকেম বিডি প্রা. লি.- এর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ও আবুল বাশার মো. আমিরউদ্দিন আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা তাদের সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএল/জিএনএ/১৯০৯ ঘ.