ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মরিশাসের মধ্যে সোমবার দ্বৈত কর পরিহার ও অর্থ ফাঁকি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মরিশাসের রাজধানী পোর্ট-লুইয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী আরভিন বুলেল চুক্তিটিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়েছে, "মরিশাসে বাংলাদেশের ১২ হাজার শ্রমিকের ইস্যু নিয়ে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
বিশ্বমন্দার প্রভাব মোকাবেলার লক্ষ্যে গত জুলাই মাসে মরিশাস সরকার সেদেশে কর্মরত প্রায় ছয় হাজার বাংলাদেশি অভিবাসী শ্রমিককে চলে যাওয়ার নির্দেশ দেয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, প্রায় ১২ হাজার বাংলাদেশী শ্রমিক মরিশাসের পোশাক শিল্পে কাজ করছে।
শ্রমিক ইস্যু নিয়ে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দীপু মনি সোমবার সকালে পোর্ট-লুইয়ে পৌঁছান।
আফ্রিকার মাদাগাস্কারের কাছে ভারত মহাসাগরের অবস্থিত পর্যটনপ্রধান দ্বীপ দেশ মরিশাসে দীপু মনির এটাই প্রথম সরকারি সফর। মঙ্গলবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/২১২১ ঘ.
bdnews24