২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার দেশ'-এর সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। চট্টগ্রাম, মাগুরা ও জয়পুরহাটের আদালতে সোমবার এ তিনটি মামলা করা হয়। মামলায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম. আবদুল্লাহকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার আমার দেশ পত্রিকা এক সংবাদ প্রকাশ করে। এতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহি চৌধুরীর বিরুদ্ধে শেভরন নামে একটি মার্কিন তেল কোম্পানিকে বিনা দরপত্রে ৩৭০ কোটি টাকার একটি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৩৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার কথা বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধির পাঠানো সংবাদ- চট্টগ্রাম: চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জমান খাঁনের আদালতে মামলাটি দায়ের করেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য শেখ শহীদ হোসেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান। মামলার অভিযোগে বলা হয়, আমার দেশ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছেপেছেন। এতে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়ের নয় বাদীরও মানহানি ঘটেছে। মাগুরা: মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলা স্বেচছাসেবক লীগের আহ্বায়ক আশরাফ হোসেন লিটন। শুনানি শেষে হাকিম শেখ জালাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহি চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তাদের সম্মান ক্ষুন্ন হয়েছে, যা ১০ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতির সমান। জয়পুরহাট: জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম বেনু। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ৩ মার্চ ২০১০ তারিখে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহি চৌধুরীর বিরুদ্ধে পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে দেশে ও বিদেশে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের মানক্ষুন্ন হয়েছে, যা ১০ কোটি টাকার আর্থিক ক্ষতির সমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/ডিডি/এমএসবি/২৩২০ ঘ.