২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ দুই ওয়াসা কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় রোববার নগদ টাকাসহ দুই ওয়াসা কর্মকর্তাকে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘুষ নেওয়ার সময় রোববার নগদ টাকাসহ দুই ওয়াসা কর্মকর্তাকে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। এরা হলেন ওয়াসার জোন-১ (ফকিরাপুল) এর পরিদর্শক মিজানুর রহমান ও সহকারি পাম্প কর্মকর্তা বশির আহমেদ তালুকদার। রাজধানীর দক্ষিণ বাসাবোর একটি ওষুধের দোকান থেকে র‌্যাব-৩ সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়। দুদকের সহকারি পরিচালক মো. রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্য বাসাবোর জহুরুল হকের কাছে কিছুদিন আগে প্রায় ৬০ হাজার টাকার পানির বিল আসে। ওয়াসার জোন-১ কার্যালয়ে যোগাযোগ করলে পরিদর্শক মিজানুর রহমান ১৮ হাজার টাকা ঘুষের বিনিময়ে বিল কমিয়ে মাত্র দুই হাজার টাকা করার প্রস্তাব দিলে জহুরুল বিষয়টি দুদককে জানান। দুদক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী রোববার বিকালে দক্ষিণ বাসাবোর সিহাব ড্রাগ হাউজে বসে থাকা ওয়াসার ওই দুই কর্মকর্তাকে নির্দিষ্ট নম্বরের নোটে ঘুষের ১৮ হাজার টাকা দেন জহুরুল হক। এ সময় দুদক কর্মকর্তারা হাজির হয়ে হাতেনাতে ঘুষের টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে। আটক দুই কর্মকর্তাকে সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সবুজবাগ থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২২৩২ঘ.