২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

কুমিল্লা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দুপুর দেড়টায় গুনবতী রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ কারণে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের কয়েকটি ট্রেন আটকা পড়ে। লাকসাম জংশনের উপসহকারী প্রকৌশলী সুকেন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গুনবতী স্টেশন ছেড়ে যাওয়ার পর এর তিনটি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, বিকাল সাড়ে তিনটায় লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ শেষ করার পর ৫টা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে কয়টি ও কোন কোন ট্রেন আটক পড়ে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি জানান, ফেনী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী দুটি ট্রেন ফেনী স্টেশনে আটকা পড়ে। ফেনী রেলস্টেশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে আন্তনগর এক্সপ্রেস ট্রেন পাহাড়িকা এবং ঢাকা যাওয়ার পথে মেইল ট্রেন কর্ণফুলী এ স্টেশনে আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.