নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রোববার ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী।
বিক্ষুদ্ধ এলাকাবাসী সকাল ৮টায় ফতুল্লার কাশিপুর থেকে শাসনগাঁও পর্যন্ত এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ৪/৫ হাজার লোক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে বিপুল সংখ্যক মহিলাও অংশ নেয়।
অবরোধ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন যানজটে আটকে পড়ে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। অনেককে পায়ে হেঁটে এবং কাঁধে মালামাল নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে দেখা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ফতুল্লার বিশাল এলাকা জুড়ে গ্যাস সংকট বিরাজ করছে। কিন্তু সংকট নিরসনে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবৈধ গ্যাস সংযোগ এবং আবাসিক লাইনের সঙ্গে শিল্পকারখানার লাইন যুক্ত হওয়ায় তারা গ্যাস পাচ্ছে না।
তারা জানায়, শহরের কাশিপুর, ভোলাইল, পাইকপাড়া, বাবুরাইল, দেওভোগ, দাতা সড়ক, মাসদাইর প্রভৃতি এলাকায় তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস থাকে না।
কাশিপুর এলাকায় ১১টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে আট ইঞ্জিন ব্যাসের পাইপ ব্যবহার করার কথা থাকলেও তার দ্বিগুণ ব্যাসের পাইপ ব্যবহার করা হচ্ছে। বার বার অভিযোগ করা সত্ত্বেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
গত ৮ আগস্ট এলাকাবাসী গ্যাসের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। তখন তিতাস গ্যাস কর্মকর্তারা আশ্বাস দেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাড়ে চার মাসেও সমস্যা সমাধান হয়নি।
কাশিপুর এলাকার পরিবহন ব্যবসায়ী জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "গ্যাস না থাকায় অনেক সময় আমাদের হোটেল থেকে খাবার কিনে খেতে হয়। মেহমান আসলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের।"
গার্মেন্টস শ্রমিক জমিলা খাতুন বলেন, গ্যাস না থাকায় অনেক সময় সকালে নাস্তা তৈরি করতে পারেন না। নাস্তা না খেয়েই কাজে যেতে হয়।
ভোলাইল এলাকার গৃহবধূ জোবেদা বেগম ক্ষোভের সঙ্গে জানান, গ্যাসের অভাবে স্কুলগামী ছেলে মেয়েদের এবং অফিসগামী স্বামীর জন্য নাস্তা তৈরি করতে পারেন না। মাসের পর মাস ধরে চলছে এ রকম পরিস্থিতি।
অবরোধ চলাকালে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, বিএনপি নেতা ওমর আলী, জাকির হোসেন ডালিম প্রমুখ।
দুপুর ১২টায় প্রশাসন, পুলিশ, তিতাস গ্যাস কর্মকর্তারা এলাকাবাসীর একটি প্রতিনিধি দলের সঙ্গে কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক বসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শাহেদ আকবর, ফতুল
bdnews24