মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার এখন 'সময়ের দাবি' বলে অভিমত ব্যক্ত করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
এই বিচার যত বিলম্বিত হচ্ছে জাতি ততই 'বিরক্ত' হচ্ছে মন্তব্য করে তিনি অবিলম্বে বিচার শুরু করার আহ্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার রাতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শাহরিয়ার কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত মুক্তিযুদ্ধভিত্তিক 'কান্দে আমার মা' অনুষ্ঠানের মুন্সীগঞ্জ অংশের প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
যুদ্ধাপরাধীদের বিচারের স্থান হিসেবে পুরনো হাইকোর্টকে নির্বাচিত করার দাবি জানান তিনি।
প্রশাসনের ভেতর এখনো স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে আছে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, "তারাই এই বিচার বিলম্বিত করাসহ সরকারের নানা উদ্যোগকে ব্যাহত করছে।"
এ ছাড়া এই বিচার বন্ধে পাকিস্তানের কথিত তৎপরতা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার ওপর গুরুত্ব দেন নির্মূল কমিটির সভাপতি। এক্ষেত্রে বিদেশের বন্ধুদের সহযোগিতা নেওয়ার কথা বলেন তিনি।
শাহরিয়ার কবির অতীশ দীপঙ্করের স্মৃতি বিজড়িত বিক্রমপুর নিয়ে ইদ্রাকপুর কেল্লায় একটি যাদুঘর প্রতিষ্ঠারও দাবি জানান।
মুন্সীগঞ্জ পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসানুল ইসলাম, এটিএন বাংলার কর্মকর্তা তাশিক আহম্মেদ, 'কান্দে আমার মা' অনুষ্ঠানের পরিচালক ফৌজিয়া খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০১৫ঘ.
bdnews24