গাজীপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হ্যান্ডকাফ পরা লাশের পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম শ্যামল চৌধুরী ওরফে সামাল (৩২)। ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি ট্রেন থেকে লাফিয়ে পড়েছিলেন বলে পুলিশ দাবি করেছে।
সামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের প্রয়াত রাজ্জাক চৌধুরীর ছেলে।
কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সামালের বড় ভাই জামালউদ্দিন চৌধুরী বাদি হয়ে শুক্রবার রাতে ভৈরব জিআরপি থানায় একটি মামলা করেছেন।
মামলায় নরসিংদীর রায়পুরা উপজেলার সাহাবুদ্দিন (৩২) ও মানিক (৩০), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জনি (৩২) এবং গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত পুলিশের কনস্টেবল মো. মিজানুর রহমান ও তার কয়েকজন সহকর্মীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ভৈরব জিআরপি থানার ওসি মো. আবুল কাসেম আকন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগে বলা হয়েছে- শুক্রবার ভোর ৪টার দিকে ব্যবসায়িক কাজে সামাল সুরমা মেইল ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।
সকাল ৯টার দিকে আসামি মানিক মোবাইল ফোনে জামালউদ্দিনকে জানান- সামাল গাজীপুর মাদক অধিদপ্তরের কনস্টেবল মিজানুর রহমানের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাড়িয়ে নিতে এক লাখ টাকা দিতে হবে।
পরে মানিক ও তার সঙ্গীদের সঙ্গে ফোনেই ২৫ হাজার টাকায় রফা হয়। তাদের কথামতো জামাল আখাউড়া থেকে কালু মিয়া নামের এক যুবককে দিয়ে নরসিংদীর রায়পুরা স্টেশনে মানিককে টাকা পাঠান।
আবার ফোন করলে তারা জামালকে জানান-সামালকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে শুক্রবার বিকালে তার লাশ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি আবুল কাসেম আকন্দ জানান, ঘটনার দিন ভোরে ঢাকাগামী সুরমা ট্রেনে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলের হাতে সামাল গ্রেপ্তার হন। হ্যান্ডকাফ পরিয়ে গাজীপুরে নেওয়ার পথে মূলগাঁও এলাকায় ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে মারা যান সামাল।
ওসি বলেন, সুরতহালের লাশের মাথায় গুলির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নেতৃত্বে সংস্থার একটি দল ট্রেনে অভিযানের সময় সামালের দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল পায়। জব্দ তালিকা তৈরির সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় সামাল চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে যান। পরের স্টেশন আড়িখোলায় নেমে তারা ঘটনাস্থলে যান এবং খোঁজাখুজি করে তার কোনো হদিস পাননি। এ কারণে সামাল পালিয়ে গেছেন বলে তারা ধরে নেন।
দলটিতে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাজমুল হোসেন খান, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সামাদ ও কনস্টেবল আব্দুল মোতালেব মৃধা, মিজানুর রহমান ও ইসমাইল হেসেন ছিলেন বলে পরিদর্শক মেহেদী হাসান জানান।
তবে তিনি সামালকে ছেড়ে দিতে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24