ফরিদপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার করে জনগণকে দেওয়া ওয়াদা পূরণের প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি বলেন, "শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে অঙ্গীকারাবদ্ধ।"
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলার সালথা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, "দেশ, জাতি ও মানচিত্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।"
সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, মনিরুজ্জামান সর্দার, সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24