জামালপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাতানিপাড়া থেকে শুক্রবার সন্ধ্যার পর চুরি হওয়া ৫৪টি গাছ উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা।
স্থানীয় লোকজনের সহায়তায় বনবিভাগের কর্মকর্তারা সাতানিপাড়া গ্রামের আব্দুস ছালাম ও নজরুল ইসলামের বাড়ি থেকে গাছগুলো উদ্ধার করেন।
বকশিগঞ্জের ডুমুরতলা বিট কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান সাংবাদিকদের জানান, একটি চোর চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বন থেকে মূল্যবান গাছ কেটে নিচ্ছে।
তিনি জানান, ছালাম ও নজরুল বলেছেন- গাছগুলো বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কামালপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য হামিদুর রহমান তাদের বাড়ি রেখে গেছেন।
উদ্ধার করা গাছগুলো বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান বিট কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24