২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে উদ্বেল লাখো শ্রমিক

ফতুল্লা অ্যাপারেলস-এর শ্রমিক নূপুর আকতারের জন্য দিনটি আনন্দের। কেননা আজ তাদের উৎসবের দিন। প্রতিবছর অন্তত একদিন এ রকম উৎসব চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফতুল্লা অ্যাপারেলস-এর শ্রমিক নূপুর আকতারের জন্য দিনটি আনন্দের। কেননা আজ তাদের উৎসবের দিন। প্রতিবছর অন্তত একদিন এ রকম উৎসব চান তিনি। তিনি বলেন, "আজ আমাদের ছুটি, উৎসব ও আনন্দের দিন। প্রতি বছর অন্তত একদিন আমরা এ ধরনের উৎসব চাই। আমরা কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষ চাই না। সুন্দরভাবে কাজ করে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।" শুক্রবার নিট পোশাক শিল্প মালিক সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত শ্রমিক উৎসবে এ কথা বলেন নূপুর। বিকেএমইএ দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার ওসমানী স্টেডিয়ামে। আর উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও বললেন, তৈরি পোশাক শিল্প মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করে দেশের অর্থনীতি সচল রাখতে হবে। তিনি বলেন, "মালিকদের দায়িত্ব শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দেওয়া। আর শ্রমিকদের দায়িত্ব উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখা।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এত বড় শ্রমিক উৎসবের আয়োজন করে পোশাক শিল্প মালিকরা প্রমাণ করেছে, তারা শুধু শ্রমিকদের বেতন-ভাতাই দেন না, বিনোদনেরও ব্যবস্থা করেন।" টুকু বলেন, "আমি চাই এ উৎসবের পর আর কোনো শ্রমিক নির্যাতিত হবে না।" নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, গাজীপুর, সাভারসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিট কারখানার শ্রমিকদের মধ্যে উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। উৎসবের দিন শুক্রবার সকাল ৯টার মধ্যে ওসমানী পৌর স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠে। মহিলা শ্রমিকরা গ্যালারিতে এবং পুরুষ শ্রমিকরা মাঠে অবস্থান নেন। বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, "পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত বড় আনন্দ উৎসবের কথা আমাদের জানা নেই। আগামীতে এই উৎসব আরো বৃহৎ পরিসরে করার চিন্তা ভাবনা রয়েছে।" তিনি জানান, এবারের উৎসবে প্রায় এক লাখ শ্রমিকের সমাবেশ ঘটেছে। মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এ উৎসবের আয়োজন, বলেন ফজলুল হক। বিকেএমইএ সভাপতি বলেন, "মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবিলা করছি। কয়েক বছরের মধ্যেই আমরা প্রথম স্থান দখল করবো।" উৎসবে নিট পোশাক কারখানার শ্রমিকরাই দেশাত্মবোধক গান, জারি গান, একক ও দলীয় নাচ, কৌতুক, ফ্যাশন শো, নাটক পরিবেশন করেন। এছাড়া উৎসবে বারোয়ারি মেলায় ছিল হাতি, ঘোড়া, বানর খেলা, লাঠিখেলা, পুতুল নাচ, নাগরদোলা, ম্যাজিক শো, বেলুন ফোটানো, মাটির খেলনা। সন্ধ্যার পর আতশবাজির আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠে আকাশ। রাতে জনপ্রিয় সংগীত শিল্পী বালাম ও শাহ্নাজ বেলীর পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে উৎসবের সমাপনী ঘোষণা করেন প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পোশাক শিল্প ৩০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, যার উল্লেখযোগ্য সংখ্যক নারী। সরকার নারী শ্রমিকদের কল্যাণে ডরমেটরি নির্মাণের পরিকল্পনা করেছে। মোশাররফ বলেন, "আমরা বিশ্বাস করি না কোনো শ্রমিক তার রুটিরুজির ক্ষেত্র গার্মেন্টসে আগুন দিতে পারে। বিদেশের চর ষড়যন্ত্রকারীরাই শ্রমিকদের নাম ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করে।" এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের নিট পণ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। এ খাতে গত ২০০৮-০৯ অর্থবছরে ৬৪৬ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। উৎসবে কারখানায় কর্মরত অবস্থায় এসএসসি উত্তীর্ণ ৩০ জন শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রমিকদের দেওয়া হয় রঙিন টেলিভিশন। বিকেএমইএ কর্মকর্তারা জানান, এবার শ্রমিক উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে ৩৫টি কারখানার সাতশ' শ্রমিক আবেদন করে। চূড়ান্ত পর্যায়ে বাছাই করা হয় দুশ' শ্রমিককে। নির্বাচিত অনেক শ্রমিক নাচ ও গানের স্কুলেও ভর্তি হয়। উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্টেডিয়াম এলাকায় মোতায়েন ছিল পাঁচ শতাধিক পুলিশ সদস্য। র‌্যাবও টহল দেয় স্টেডিয়ামের বাইরে। প্রায় এক লাখ শ্রমিক দিনভর উৎসবস্থলে অবস্থান করলেও পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরএইচ/এমএসবি/২০১৪ ঘ.