ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় বৃহস্পতিবার রাতে ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধানমণ্ডি থানার ওসি শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালের পাশের গলিতে ছোরার মুখে রিকশা আরোহী এক মহিলার মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নেয় উজ্জ্বল (৩০) নামে এক যুবক।
ছিনতাইয়ের শিকার মহিলা ঘটনার পরপরই কাছাকাছি থাকা পুলিশকে জানালে পুলিশ ছিনতাইকারীর পিছু নেয়। পুলিশ তাকে থামাতে না পেরে গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হয়।
ওসি জানান, উজ্জ্বলের কাছ থেকে মহিলার ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। তবে কোনও সোনার চেইন পাওয়া যায়নি।
আহত ছিনতাইকারীকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৪৭ঘ.
bdnews24