সিলেট, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর একটি আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার দুপুরে রাইয়ান সুলতানা মুন্নি (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হত্যায় জড়িত অভিযোগে ওই হোটেল থেকে মনোয়ার হোসেন (৩০) নামে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মনোয়ার চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত আছেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মুন্নিকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে মনোয়ার গত ৫ ডিসেম্বর নগরীর দরগা গেইট এলাকার হোটেল পায়রাতে উঠেন। এদিন দুপুরে কক্ষে মুন্নির লাশ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মুন্নি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পুটিজুড়ী গ্রামের আনিস আলীর মেয়ে। মনোয়ার একই জেলার দামুড্যা থানার নান্দ্রা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। তারা সম্পর্কে বিয়াই-বিয়ান।
পুলিশ কর্মকর্তা আনিসুর জানান, মুন্নি আত্মহত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে মনোয়ার দাবি করেছেন। তবে মৃতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24