২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা

সরকার রেলের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেনের ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের একজন উর্ধতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রেলের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেনের ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের একজন উর্ধতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। রেলওয়ে কর্মকর্তারা জানান, তারা যাত্রী ও পণ্যবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাবনা ইতোমধ্যেই একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে পেশ করেছেন। এ কমিটির প্রধান হলেন একজন যুগ্ম-সচিব (রেলওয়ে)। (বিস্তারিত) সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের রিপোর্টে সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া ৫০ শতাংশ এবং পণ্যবাহী ট্রেনের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছেন সরকারের কাছে। সেইসঙ্গে পার্সেল সার্ভিসের চার্জ ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন তারা। এই আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন রেলওয়ের ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে মন্ত্রণালয়ের কাছে তাদের সুপারিশ পেশ করবে। যোগাযোগ মন্ত্রণালয় চলতি বছরের গোড়ার দিকে এ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটির প্রধান যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাঈম আহমেদ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে রেলওয়েকে সুপারিশমালা তৈরি করতে বলেছি। তারা আমার অফিসে রিপোর্ট জমা দিয়ে থাকতে পারে। এটি আমার হাতে আসবে।" তিনি বলেন, "আমরা রেলওয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ পর্যায়ে আমাদের মতামত পেশ করবো।" এর আগে সরকার এ বছরই ট্রেনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছিলো। কিন্তু এ বিষয়টিকে সরকার একটি স্পর্শকাতর ইস্যু বিবেচনা করে এ ব্যাপারে পরামর্শের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটি ওই মুহূর্তে ট্রেনের ভাড়া না বাড়াতে সরকারকে সুপারিশ করে। কমিটি পরে ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা তৈরির জন্য তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে। রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান এর প্রধান ছিলেন। মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেবে সরকারই। আমরা এ ব্যাপারে শুধুমাত্র আমাদের মতামত দিতে পারি।" রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত কোন সরকারই ট্রেনের ভাড়া বাড়ায়নি। তাই ভাড়া বাড়ানো উচিত। এ প্রসঙ্গে রেল কর্মকর্তা শাহজাহান জানান, একজন যাত্রী মেইল ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারে মাত্র ৭২ টাকা খরচ করে। কিন্তু একই রুটে বাস ভাড়া ন্যূনতম ৩০০ টাকা। সরকারি হিসাব অনুযায়ী, ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ রেলওয়েকে ৬০৩ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকা লোকসান গুনতে হয়। একই অর্থবছরে রেলওয়ের রাজস্ব আয় হয় ৫৭২ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার টাকা। এর বিপরীতে খরচ হয় ১,১৭৬ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকা। উপ-কমিটির অপর একজন সদস্য বলেন, "প্রস্তাবে আমরা বলেছি, যাত্রীবাহী ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বাড়ানো উচিত সরকারের। আমরা মনে করি এটা সহনীয়। "সরকার যাত্রীবাহী ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বাড়ালে রেলওয়ের বছরে আরও ১২০ কোটি থেকে ১৩০ কোটি টাকার রাজস্ব আয় হবে। উপ-কমিটি পণ্যবাহী ট্রেনের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।" বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়টি রাজনৈতিকভাবে একটি 'স্পর্শকাতর' ইস্যু। প্রতিবছরই রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ের লোকসানের পরিমাণ বাড়ছে। ১৯৯২ সালে এ লোকসানের পরিমাণ ছিলো ২০০ কোটি টাকারও বেশি। বর্তমানে এর পরিমাণ এসে দাঁড়িয়েছে ৬০০ কোটির টাকারও উপরে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৩৫ ঘ.