ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও পটুয়াখালীতে বুধবার বিএনপির বিজয় দিবসের মিছিল ও অনুষ্ঠানে হামলায় এক সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন।
উভয় ঘটনার জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে সোয়া ১২টার দিকে বিএনপি'র দুটি পক্ষ পৃথকভাবে শহীদ মিনারে ফুল দিতে গেলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে।
এতে ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী মণ্ডল (৬০), বিএনপি নেতা আব্দুল কুদ্দুস (৪৮) আকতার আলম সেলিম (৪৪), যুবদল নেতা মহব্বত আলী (৩৬), ছাত্রদল নেতা মুকুল হোসেন (২৫), রাজু (২২) ও মোশারফ হোসেন (২৮), রনজু মিয়াসহ (৩৬) ১১ জন আহত হয়েছেন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডলকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা বিএনপি নেতা আকতার আলম সেলিমের ধুনট শহরের হাসপাতাল রোডের বাসায় হামলা চালিয়ে দুটি মোটর সাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
এদিকে, ভাঙচুরের ছবি তোলার সময় দৈনিক ইত্তেফাক ধুনট প্রতিনিধি এনামুল বারী বাদশাকে মারধর করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় যুবলীগ কর্মীরা। গুরুতর আহত অবস্থায় এনামুল বারিকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে ধুনট উপজেলা আওয়ামী লীগ সভাপতি টি আই নূরুন্নবী তারেক এ ঘটনাকে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করে বলেন, এর সঙ্গে ছাত্রলীগ বা যুবলীগের কোনো সম্পর্ক নেই।
বিএনপি নেতা আখতার আলম সেলিম ঘটনার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন।
ধুনট থানার ওসি মো. ইয়াছিন আলী বিএনপি নেতা সেলিমের বাড়িতে হামলার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
পটুয়াখালী: পটুয়াখালীর রাঙাবালীতে সন্ত্রাসী হামলায় বিএনপি'র মিছিল ও আলোচনা সভা পণ্ড হয়ে যায়। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন।
রাঙাবালী ও ছোট বাইশদিয়া ইউনিয়ন বিএনপি যৌথভাবে বিজয় দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। রাঙাবালী উপজেলা বিএনপি সভাপতি কবির হোসেন তালুকদার অভিযোগ করেন, তাদের নেতাকর্মীরা ফরেস্ট রিসোর্স সেন্টারের নিচতলায় জমায়েত হলে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক কর্মী সেখানে হামলা চালায়।
এ ঘটনায় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদ মুন্সি (৫০), যুবদল কর্মী মিরন (৩৬), মিলন (৩৩), সরোয়ার মীর (৩৩), ছাত্রদল কর্মী মিঠু (২৬) ও যুবদল কর্র্মী মো. লিটন আহত হয়েছেন।
রাঙাবালী থানার ওসি আকতার মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
রাঙাবালী উপজেলা আওয়ামী লীগ দাবি করেছে, তারেক নামে এক যুবলীগ কর্মীকে ধাক্কা দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩২৫ঘ.
bdnews24