২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী: যুদ্ধাপরাধীদের বিচার এবং '৭২ এর সংবিধানের দাবি

যুদ্ধাপরাধীদের বিচার এবং '৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবির মধ্য দিয়ে বুধবার রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরে রাজশাহী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনি এবং শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

রাজশাহী, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার এবং '৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবির মধ্য দিয়ে বুধবার রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরে রাজশাহী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনি এবং শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয়ের প্রথম প্রহরে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভোরে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকালে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। নগরীতে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিজয় শোভাযাত্রা বের করে। এর আগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আগের রাতে নগরীতে বড় 'শোডাউন' করে বিএনপি। সকাল ১০টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) চেয়ারম্যান অপূর্ব কুমার বিশ্বাসের সভাপতিত্বে রাউক ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা। একই সময়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে বোর্ড ভবনে বীর প্রতীক নুর হামীম রিজভী, মু. শামসুল আলম ও মুহা. বদিউজ্জামান টুনুকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হয়। দুপুরে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, শিশু নিবাস, এতিমখানা, অন্ধ-মুক-বধির বিদ্যালয় ও সেফ হোমে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ আসর মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে সব সিনেমা হল ও জনবহুল এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রীতি ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যায় সিটি কর্পোরেশনের গ্রীনপ্লাজায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী। রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রলীগ তিনদিন ব্যাপী কর্মসূচী পালন করছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা পাঠাগার বিকেলে নগরীতে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা ঐক্যমঞ্চ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, উদীচী, সচেতন নাগরিক কমিটিসহ (সনাক) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০০২ঘ.