চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরালোভাবে উঠে এসেছে।
দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
বুধবার প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। ভোর হতেই শহীদ মিনার এলাকায় হাজারো মানুষের ঢল নামে।
প্রথমইে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন শহীদ মিনারে ফুল দেন। এরপর ফুল দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ এম এন ছিদ্দিক, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান প্রমুখ। ।
পরে একে একে ফুল দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্র্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্রমৈত্রী, প্রতিবন্ধী সিসিডিএসসহ বিভিন্ন সংগঠন।
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান পক্ষের বিএনপি নেতারা আলাদাভাবে শহীদ মিনারে ফুল দেয়।
সকালে ফুল দেয় বিপ্লবী ওর্য়াকার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর আসর, উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংসদ, সম্মিলিত আবৃত্তি জোট, গ্র"প থিয়েটার ফেডারেশন, সমাজ সমীক্ষা সংঘ, আমরা মুক্তিযুদ্ধের সন্তানসহ বিভিন্ন সংগঠন।
সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজয় দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সব অনুষ্ঠান থেকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর তাগিদ দেওয়া হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের হয়। এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন বিজয় শিখা চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মেয়র মহিউদ্দিন।
বিকালে বিজয় মেলার আলোচনা সভায় তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24