বগুড়া, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালনগীতিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বগুড়া লালন একাডেমি।
মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির কর্মকর্তারা এ দাবি জানান।
একাডেমির সাধারণ সম্পাদক নূরুল হুদা হেদায়েত বলেন, "জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীম উদদীনসহ অসংখ্য কবি-সাহিত্যিকের সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সাধক লালনের গান এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি।"
তিনি বলেন, "লালনগীতি নিয়ে অনেক গুণীজন গবেষণা করেছেন। লালনের সব গানই সত্য-সুন্দরের পথ প্রদর্শক। এসব লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে কোমলমতি ছেলে-মেয়েরা প্রথম থেকেই সুন্দর এবং ভাল পথে এগুতে পারবে।"
সংবাদ সম্মেলনে বগুড়া লালন একাডেমির সভাপতি ইকবাল হোসেন, সদস্য মুক্তিযোদ্ধা মিসবাউল হক, ফজলুল হক বুকু, জাহিদুল ইসলাম ও হানিফ জিলাদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১২৬ ঘ.
bdnews24