২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোন স্বাধীন দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নেই'

পৃথিবীর কোন স্বাধীন দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দুটি শক্তির অস্তিত্ব নেই- এ মন্তব্য করে অধ্যাপক মুনতাসীর মামুন বললেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে বাংলাদেশ একটি 'অস্বাভাবিক দেশে' পরিণত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর কোন স্বাধীন দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দুটি শক্তির অস্তিত্ব নেই- এ মন্তব্য করে অধ্যাপক মুনতাসীর মামুন বললেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে বাংলাদেশ একটি 'অস্বাভাবিক দেশে' পরিণত হবে। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি ও ফার্মেসী গ্রাজুয়েট্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের' গান পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের সময় গোপন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধাদের জন্য উদ্দীপনামূলক সঙ্গীত ও খবরসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হতো। অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "পৃথিবীর কোন স্বাধীন দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দুটি শক্তির অস্তিত্ব নেই। কারণ এটা স্বাভাবিক নয়।" তিনি আরো বলেন, "গত নির্বাচনে বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রায় দিয়েছে। এরপরও তাদের বিচার করতে না পারলে বাংলাদেশ একটি অস্বাভাবিক দেশে পরিণত হবে।" অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক এবিএম ফারুক, সেলিম আজাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনকারীদের মধ্যে ছিলেন আকরাম হোসেন, মোস্তফা আনোয়ার স্বপন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সংগীত বিভাগ সদস্যরা। সন্ধ্যার পর একই স্থানে বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজিত অনুষ্ঠান হয়। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও '৭১'এর বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রতিকী ফাঁসি দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে টিএসসি চত্বরে স্লোগান '৭১'র সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ওড়ানো ও আতশবাজি প্রজ্জ্বলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০৫৯ঘ.