২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণা হয়,তবে আরো উন্নতি চাই: মুহিত

নীতি প্রণয়নে গবেষণালদ্ধ তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেছেন, দেশে গবেষণাকর্মের আরো উন্নয়ন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীতি প্রণয়নে গবেষণালদ্ধ তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেছেন, দেশে গবেষণাকর্মের আরো উন্নয়ন করতে হবে। মঙ্গলবার রাজধানীতে গবেষণা বিষয়ক এক আলোচনায় মন্ত্রী দেশে অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত গবেষণা হয়না- একজন শিল্প উদ্যোক্তার এ অভিযোগ খণ্ডন করে বলেন, গবেষণালদ্ধ তথ্যের ভিত্তিতে সরকারি পরিকল্পনায়ই অর্থনীতি এ পর্যন্ত এগিয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে 'দারিদ্র্য বান্ধব প্রবৃদ্ধি অর্জন: গবেষণা থেকে নীতি নির্ধারণ'- শীর্ষক ওই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইকনোমিক রিসার্চ গ্র"প (ইআরজি) এ আলোচনার আয়োজন করে। আলোচনায় নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি (বিকেএমইএ) ফজলুল হক বলেছিলেন, "অর্থনৈতিক ক্ষেত্রে দেশে সমন্বিত কোনো গবেষণা হয় না। এ কারণে সরকার সঠিক সময়ে সঠিক নীতি-পদক্ষেপ গ্রহণ করতে পারে না। ফলে ব্যবসায়ী-শিল্পপতিরাও সিদ্ধান্ত নিতে পারে না।" ফজলুল হকের অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, "বিকেএমইএ সভাপতির অভিযোগ ঠিক নয়। '৮০-র দশকে সরকার যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসি (টিআইপি) গ্রহণ করেছিল তা গবেষণার ভিত্তিতেই করেছিল। ওই পলিসির কারণেই আরএমজি (তৈরি পোশাক শিল্প) আজকের অবস্থায় এসেছে।" "আমরা 'হুজুগে চলি'-এ কথা ঠিক নয়"-বলেন অর্থমন্ত্রী। দেশে ভালো গবেষণা হয় মন্তব্য করে মুহিত বলেন, এক্ষেত্রে আরও উন্নয়ন দরকার। ওষুধ ও ফার্নিচার রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ খাতেও গবেষণার প্রয়োজন রয়েছে। কৃষি খাতের গবেষণাকে খুবই গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেন তিনি। ইআরজি'র চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরো ব্যাপক ও নিবিড় গবেষণাভিত্তিক হওয়া উচিত।" গত ২৫ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে 'নিুমানের সুশাসনের তুলনায় সন্তোষজনক' আখ্যা দিয়ে তিনি ভবিষ্যতে উন্নয়নের জন্য আরও বিচার-বিশ্লেষণ এবং গবেষণার জন্য 'ভালো বিষয়বস্তুর' দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। অর্থনৈতিক তথ্য-উপাত্ত হালনাগাদ করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। তিনি বলেন, "পুরাতন তথ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তাল মেলানো সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএস/এসকে/১৮০১ঘ.