ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল ইসলাম সাদেকীকে সোমবার ১৭ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
ওয়াশিংটনের ক্যাপিটল ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত স্থাপনার ছবি তুলে তা বিদেশে পাঠিয়ে সন্ত্রাসবাদীদের সহায়তা করার পরিকল্পনার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন ডিস্ট্রিক্ট জাজ বিল ডাফি সাদেকীর বন্ধু ও সহ-অভিযুক্ত সৈয়দ হারিস আহমেদকেও একই অভিযোগে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে।
তবে এ দণ্ড ভোগের পর মুক্তি পেলেও তাদের উপর আরো ৩০ বছর নজরদারী চলবে।
সাদেকী যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রসওয়েল এবং হারিস আহমেদ আটলান্টার বাসিন্দা।
জাজ বিল ডাফি সাদেকীর উদ্দেশে বলেন, "আমাদের দেশ এবং তার মূল্যবোধকে প্রত্যাখ্যানের সব ধরনের অধিকার তোমার রয়েছে। তুমি প্রকাশ্যে এর সমালোচনাও করতে পার। কিন্তু তুমি এমন কোনো অপরাধে লিপ্ত হও যা অন্যের জীবনকে বিপন্ন করে তা আমরা করতে দিতে পারি না।"
জবাবে সাদেকী আদালতের কাছে স্বীকার করেন যে, তিনি অনলাইন ফোরামে জিহাদ নিয়ে আলোচনা করেছেন। তবে এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না।
"আমরা ছিলাম অপরিপক্ক তরুণ, যারা কল্পনা বিলাসী। কিন্তু আমি কখনোই সন্ত্রাসী ছিলাম না।"
নর্দার্ন ডিস্ট্রিক্ট অব জর্জিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি স্যালি কুইলিয়ান বলেন, মার্কিন স্বার্থের বিরুদ্ধে সশস্র সহিংসতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে তার নীতি পরিবর্তনে বাধ্য করার যে বিপদজ্জনক আইডিয়া তাকে তারা সমর্থন করেছেন। এটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং তা সফল হবে না।
এর আগে গত আগস্টে সাদেকীকে যুক্তরাষ্ট্রের একটি আদালতের জুরি সন্ত্রাসবাদে সমর্থনের চারটি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী এবং একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থনসহ চারটি অভিযোগ তোলা হয়েছিল।
২০০৬ সালের ১৭ এপ্রিল সাদেকীকে ঢাকায় গ্রেপ্তার করা হলে মার্কিন গোয়েন্দারা তাকে সেদেশে নিয়ে যান।
সাদেকী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত সংগঠন লস্কর-ই-তাইয়্যেবাসহ সন্ত্রাসবাদীদের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদানের দায়ে অভিযুক্ত হন।
গত ৩ আগস্ট শুরু হওয়া বিচারে আদালতে উপস্থাপিত তথ্য অনুসারে সাদেকী ১৯৮৬ সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেন কানাডা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্কুলে।
বিচারিক দলিলপত্রে বলা হয়েছে, সাদেকী ২০০১ সালে বাংলাদেশে বসবাসের সময় এক ই-মেইল বার্তায় জঙ্গি সংগঠন তালেবান-এ যোগদানের এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তাদের সাহায্যের আগ্রহ প্রকাশ করেন।
বিচার চলাকালে সরকারপক্ষের কৌঁসুলিরা আদালতকে জানান, এর কয়েক বছর পর তিনি জর্জিয়ার রসওয়েলের পারিবারিক বাড়িতে ফিরে সহিংস জিহাদে লিপ্ত সন্ত্রাসবাদীদের সহায়তার জন্য অন্যদের সঙ্গে ২০০৪ সালের শেষ এবং ২০০৫ সালের প্রথম দিকে একটি 'অবৈধ চুক্তিতে' আবদ্ধ হন।
ওই সময় কৌঁসুলিদের বিবৃতিতে আরো বলা হয়, "সাক্ষ্য-প্রমাণে দেখা যাচ্ছে, ওই সহায়তার মধ্যে ছিল সাদেকীর সহ-অভিযুক্ত (এ বছরের জুনে একটি বেঞ্চ ট্রায়ালে দোষী সাব্যস্ত) সৈয়দ হারিস আহমেদ ও আরো কয়েকজনের অংশগ্রহণ যারা যুক্তরাষ্ট্র ও এর বাইরে সহিংস জিহাদে যোগ দিতে আগ্রহী ছিল।"
সাক্ষ্য-প্রমাণে ইউএস ক্যাপিটল ও ওয়ার্ল্ড ব্যাংকসহ ওয়াশিংটন ডিসি এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার জন্য প্রতীকী ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুর ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। সাদেকী ও হারিস বিদেশে তাদের 'জিহাদি ভাইদের' পাঠানোর জন্য এসব ভিডিওচিত্র তুলেছিলেন।
বিচারে সাদেকী ও তার সহযোগীরা যে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে এবং যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পাকিস্তান, বসনিয়া ও অন্যান্য জায়গায় সহিংস জিহাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন সে বিষয়ে সরকার তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করে।
আইনজীবীরা বলেন, "যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের বাইরে সহিংস জিহাদে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে সাদেকী ও তার সহযোগীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার একটি আধা-সামরিক প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার লক্ষ্যে ২০০৫ সালের মার্চ মাসে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।"
সাদেকি ২০০৫ সালে বাংলাদেশের উদ্দেশে আটলান্টা ত্যাগের সময় ওয়াশিংটন ডিসির মানচিত্র সম্বলিত একটি সিডি তার স্যুটকেসে 'লুকিয়ে' নিয়ে যান বলেও বিচারে তথ্য-প্রমাণ উপস্থাপন করে সরকারপক্ষ।
মামলায় অভিযোগ করা হয়, সাদেকী ও হারিস ওয়াশিংটন ডিসির যেসব স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন সেগুলোর বিস্তারিত ছিল সিডিটিতে।
একবার বাংলাদেশে থাকার সময় সাদেকি ইউনিস তিসৌলি ও সার্বীয় বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মীরসাদ বেকতাসেভিচের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে শুরু করেন। তিসৌলি, বেকতাসেভিচ, সাদেকী ও অন্যরা মিলে গঠন করেন 'আল কায়েদা ইন নর্দার্ন ইউরোপ' নামের একটি সহিংস জিহাদী সংগঠন।
বিচারের সাক্ষ্য-প্রমাণ সূত্রে জানা যায়, সাদেকী ২০০৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়ার ভিসা যোগাড়ের চেষ্টা করেন।
২০০৫ সালের ১৯ অক্টোবর একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও আত্মঘাতী বেল্টসহ বসনিয়া-হার্জেগোভিনার সারায়েভোতে গ্রেপ্তার হন বেকতাসেভিচ। সন্ত্রাসবাদের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেই থেকে সেখানকার কারাগারে বন্দি তিনি।
মার্কিন গোয়েন্দারা সাদেকীকে ২০০৬ সালের ২০ এপ্রিল বাংলাদেশ থেকে গ্রেপ্তার করে সেদেশে নিয়ে যান। বাংলাদেশ সরকার কয়েকদিন পর বিষয়টি নিশ্চিত করে। ২০০৫ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এফবিআই প্রতিনিধিদের জেরায় মিথ্যা কথা বলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সাদেকীকে নিউ ইয়র্কের আদালতে তোলা হয় এবং ২০০৬ এর আগস্টে তাকে আটলান্টায় স্থানান্তর করা হয়।
সাদা পোশাকধারী বাংলাদেশী পুলিশ সাদেকীকে ২০০৬ সালের ১৭ এপ্রিল বারিধারা ডিওএইচএস-এর কাছ থেকে গ্রেপ্তার করে এফবিআই'র কাছে হস্তান্তর করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্যে পরে তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়।
পুলিশ সাদিকীকে গ্রেপ্তারের পর তার বাবা সরদার মো. শরীফ একটি অপহরণ মামলা দায়ের করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সাদিকী ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করেছেন।
তার পরিবার ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএল/এইচএ/১৭৫৯ ঘ.
bdnews24