সুনামগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের এক আমদানিকারককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই শুল্ক বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
সোমবার রাত ১০টার দিকে কয়লা আমদানিকারক স্বপন কুমার দাশ হাঁটতে হাঁটতে ভারতের সীমানায় চলে গেলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন বড়ছড়া শুল্ক স্টেশনের আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্বপনকে ছেড়ে না দেওয়ায় বন্দরের ৩০০ আমদানিকারক কয়লা আনা বন্ধ রেখেছেন।
ভারতের রপ্তানিকারকদের জানিয়ে দেওয়া হয়েছে- স্বপনকে না ছাড়া পর্যন্ত ওপার থেকে পাঠানো কয়লার ট্রাক গ্রহণ করবেন না বন্দরের ব্যবসায়ীরা।
সুনামগঞ্জ ৮ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর বলেন, কেন আমদানিকারককে বিএসএফ আটক করেছে তা জেনে তাকে ছাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24