২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী হত্যার বিচার ছাড়া আইনের শাসন নিশ্চিত হবে না: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার করতে না পারলে দেশে আইনের শাসন নিশ্চিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার করতে না পারলে দেশে আইনের শাসন নিশ্চিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সোমবার দুপুরে টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, "১৯৭১ সালে নির্বিচারে দেশের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে য্দ্ধুাপরাধীরা আইনের চূড়ান্ত লঙ্ঘন করেছে। এদের বিচার করতে না পারলে দেশে আইনের শাসন ও শান্তি নিশ্চিত হতে পারে না।" "জঙ্গলের অধিবাসীদেরকেও সেখানকার আইন মেনে চলতে হয়। আর সভ্য দুনিয়ার নাগরিক হিসেবে বাঁচতে আমরা আইনের চূড়ান্ত লঙ্ঘনকারীদেরকে ছেড়ে দিতে পারি না," বলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শহীদ গিয়াস উদ্দিন আহমদের ভাই অধ্যাপক রশিদ উদ্দিন আহমদ ও বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি ও শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনীরুজ্জামানের ছেলে জাকারিয়া মাসুদ প্রমুখ। ১৪ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে ছাত্রলীগের উদ্যোগে ফজলুল হক হলে মোমবাতি প্রজ্বলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোভাযাত্রা বের করে। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ, বুদ্ধিজীবীদের কবরস্থান, জগন্নাথ হল, ফুলার রোড, শহীদ মিনার, শহীদ স্মৃতিফলক, ঈশাখান রোড ও অন্যান্য স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও সেসব স্থানে ফুল দেয়। সাংস্কৃতিক সংগঠন 'তারণ' এর উদ্যোগে বিকালে শহীদ স্মৃতি চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে টিএসসিতে অনুষ্ঠিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মরণে স্থাপনা শিল্প প্রদর্শন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/২৩৪৪ঘ.