২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভারতীয় শাড়ি ও পোশাক আটক

খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে প্রায় চার কোটির টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পোশাক আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

খুলনা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে প্রায় চার কোটির টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পোশাক আটক করেছে র‌্যাব। সোমবার রাত ৩টায় খুলনা-যশোর মহাসড়কের পাশ থেকে ট্রাক বোঝাই এসব শাড়ি ও পোশাক আটক করা হয়। র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর এ কে এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ফুলতলার দামোদর এলাকায় অভিযান চালায়। সেখানে ট্রাকে (খুলনা মেট্রো-ট-১১-০০৬৯) ভারতীয় শাড়ি ও থ্রি-পিস (মেয়েদের পোশাক) বোঝাই করা হচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শ্রমিক ও চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখান থেকে ১৩২ গাইট শাড়ি ও পোশাক উদ্ধার করে। ট্রাকের পাশে থাকা একটি নম্বরবিহীন মোটরসাইকেলও আটক করা হয়। তিনি জানান, এসব শাড়ি ও থ্রি-পিস ভারত থেকে নদী পথে ট্রলারে করে ফুলতলার ভৈরব নদের ঘাটে আনা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা মালের জব্দ তালিকা করে সোমবার সন্ধ্যায় সেগুলো খুলনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.