২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্যমুক্ত দেশ গড়ার আহ্বান দেলোয়ারের

দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। দেলোয়ার বলেন, ''দেশের বুদ্ধিজীবীরা যে আদর্শ নিয়ে জীবন দিয়েছিলেন তা আজো বাস্তবায়ন হয়নি। তাই আজ নতুন করে আমাদের ক্রটিমুক্ত হয়ে একটি দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় এক হতে হবে। এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়ন হবে।'' বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এত দলের নবগঠিত কমিটির নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। তাদের কাউকে কাউকে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। এর আগে সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। দেলোয়ার তার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, "বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আজো বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কেবল তাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেই হবে না, তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।'' দেশে বর্তমানে গণতন্ত্রের লেবাসে 'অগণতান্ত্রিক' ব্যবস্থা চলছে বলে তিনি অভিযোগ করেন। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের সমালোচনা করে বলেন, ''এই সরকার গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে। বিরোধী দলবিহীন সংসদ পরিচালিত করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।'' প্রবীণ-নবীনের সমন্বয়ে নতুন স্থায়ী কমিটি গঠনের জন্য দলের নেত্রীকে সাধুবাদও জানান তিনি। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম কোনো দলের পক্ষে নয়, দেশের স্বার্থে নিরপেক্ষভাবে সত্য কথা বলার জন্য বুদ্ধিজীবীদের প্রতি আহবান জানান। তিনি ১/১১- এর সময় বুদ্ধিজীবীদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ দেশের জন্য জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ''তারা দেশের জন্য জীবন দিয়েছিলেন। আজকের বুদ্ধিজীবীরা দেশি-বিদেশী আন্তর্জাতিক সংস্থার পক্ষ হয়ে কাজ করেন। তারা স্বাধীন ও নিরপেক্ষ নন।'' আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিঞা, আবু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দলের নতুন কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুল ইসলাম হাবিব, নুরুল কবির শাহিন, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৮ ঘ.