ঢাকা, ডিসেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা, হত্যা ও নির্যাতন তদন্তে সোমবার একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, "ইতোপূর্বে হাইকোর্টের রায়ে কমিশন গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী এ কমিশন গঠন করছি। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।"
'যুদ্ধপরাধীদের বিচার জাতির অঙ্গীকার' শ্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
দলের শীর্ষ নেতারাও যুদ্ধপরাধীদের বিচারে আওয়ামী লীগের এ দৃঢ় অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িতদের পরিচয় ও অবস্থান কমিশনকে অবহিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "যার যার এলাকা থেকে তথ্য সংগ্রহ করে কমিশনের কাছে পৌঁছে দেবেন।"
ওই সময়কার হত্যা ও নির্যাতনের ঘটনাকে 'নির্মম', 'অমানবিক' বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, "ওইসব ঘটনায় জড়িতদের সঙ্গে যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের কোনো পার্থক্য নেই।
"মানবাধিকার লংঘনকারী, সন্ত্রাসী, বুদ্ধিজীবী হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হবেই।"
প্রধানমন্ত্রী জানান, দেশবাসী উচ্চ আদালত থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ চাইলে আগের বার বিশেষ ব্যবস্থায় তাদের বিচার করতে পারতো। তবে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি।
হাসিনা বলেন, "অথচ অতীতে খুনিদের পুরস্কৃত করা হয়েছে। ১৫ ফেব্র"য়ারির ভোটারবিহীন নির্বাচনে সাজাপ্রাপ্তদের সংসদ সদস্য করা হয়েছে। খুনিদের মদদ দিতে তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। বাংলার জনগণের কাছে এ বিষয়ে বিচার চেয়ে গেলাম।"
জিয়াউর রহমানের সময় সবচেয়ে বেশি সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিককে হত্যা করা হয়েছে- এ অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, "তার সময়ে কেবল বিমানবাহিনীর ৫৬৫ জন কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত কারাবন্দিদের মুক্তি ও তাদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছিল।"
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির অঙ্গীকার। বাংলাদেশের মাটিতে তা শেষ করা হবে।
আগামী বছরের ফেব্র"য়ারি মাস থেকে যুদ্ধাপরাধের বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, "যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করা হোক। এটাই হবে শহীদদের প্রতি শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের হত্যাকারীরা চিহ্নিত। তাদের শাস্তি দেওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।"
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ সরকারের কাছে সব শহীদ পরিবারের পক্ষ থেকে বুদ্ধিজীবী হত্যা ও যুদ্ধাপরাধের বিচারের দাবি জানান।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ্-উল-আলম লেনিন। সাংস্কৃতিক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর কবিতা আবৃত্তি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এইচএ/২১২৩ ঘ.
bdnews24