ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বপ্রণোদিত আদেশের পরও 'বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের' ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উচ্চ আদালত।
সোমবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ সংক্রান্ত আদেশের শুনানির সময় এই উদ্বেগ প্রকাশ করে।
গত ১৫ নভেম্বর কথিত ক্রসফায়ারে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী ও তার ভাই খায়রুল খালাসী নিহত হয়।
এ ঘটনায় হাইকোর্ট গত ১৭ নভেম্বর স্বপ্রণোদিত আদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাখ্যা চায় সরকারের কাছে।
এ আদেশের ওপর শুনানির সময় আদালত বলেন, "আদেশ জারির পরও ১১টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।
"আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত।"
আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে র্যাবের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়ে বলেন, "পরবর্তী শুনানি পর্যন্ত এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা র্যাবের মহাপরিচালককে জানাবেন বলে আদালতকে জানান।
তিনি আদালতের শীতকালীন অবকাশের পর এই আদেশের শুনানির জন্য সময় প্রার্থনা করেন।
আগামী ১৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আদালত বন্ধ থাকবে।
৯ জানুয়ারি শুনানির জন্য হাইকোর্ট পরবর্তী তারিখ ধার্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৮৪১ ঘ.
bdnews24