২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সরা দ্বিতীয় শ্রেণীতে

নার্সদের পদমর্যাদা তৃতীয় থেকে বাড়িয়ে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নার্সদের পদমর্যাদা তৃতীয় থেকে বাড়িয়ে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এছাড়া নতুন আরো ২৬৪৯ জন নার্স নিয়োগ দেওয়ার কথাও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০১০ এর ডিসেম্বরের মধ্যে নতুন পদে নিয়োগ এবং শূন্য পদ পূরণ করা হবে। এক্ষেত্রে নিয়োগের বয়সসীমা ৩৬ বছর নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তান ছাড়া বাকিদের জন্য সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩০ বছর। এদিকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, নার্সদের পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০০৯ প্রণয়নের প্রস্তাবের নীতিগত অনুমোদন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০০৯- এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়। তিনি জানান, ২০০১ সালে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। কিন্তু ২০০৬ সালে এটি বাতিল করা হয়। এরপর বরিশালের মেয়রের আবেদনের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাজিল ও কামিল পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ায় এই আইন সংশোধনের প্রয়োজন দেখা দেয় বলে জানান প্রধানমন্ত্রী প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এএল