ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত।
সোমবার আরিফের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. অবদুল মজিদ এ আদেশ দেন।
আরিফের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ।
বর্তমানে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটি অধিকতর তদন্তের পর্যায়ে রয়েছে।
পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় গত ১৫ সেপ্টেম্বর প্রথম আরিফকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।
পরে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় গত ৫ নভেম্বর আরিফকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে পাঁচদিন পরে আরো চারদিন রিমান্ডে নেয় সিআইডি।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, এর আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায়ও গ্রেপ্তার দেখিয়ে আরিফকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এইচএ/১৮১৯ ঘ.
bdnews24