চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ইউনিয়নে রোববার রাতে ডাকাতের গুলিতে এক ওয়াসা কর্মকর্তা নিহত হয়েছে।
নিহত সিদ্দিক আহমেদ (৫২) চট্টগ্রাম ওয়াসার পাম্প সুপারভাইজার বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- সিদ্দিকের ভাবি ফরিদা বেগম (৪৮) ও ভাতিজা রুবেল (১৯)।
ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) জেড এ মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) (পটিয়া সার্কেল) মেজবাহ উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোয়ালখালী থানার ওসি আবদুল মালেক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আড়াইটার দিকে চৌধুরী পাড়ার মফজল আহমেদের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে এক দল ডাকাত ভেতরে ঢুকে তার স্ত্রী ও ছেলে রুবেলকে পিটিয়ে আহত করে।"
সিদ্দিক বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
ওসি আবদুল মালেক জানান, ডাকাতরা স্বর্ণ ও প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24