২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈশ প্রহরীকে হত্যা

বগুড়া গণপূর্ত ভবনের এক নৈশ প্রহরীকে রোববার রাতে শ্বাসরোধ করে হত্যা ও অপর প্রহরীকে মারধর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

বগুড়া, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া গণপূর্ত ভবনের এক নৈশ প্রহরীকে রোববার রাতে শ্বাসরোধ করে হত্যা ও অপর প্রহরীকে মারধর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একইসঙ্গে তারা বিভিন্ন কাগজপত্র তছনছও করেছে বলে বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার জানিয়েছেন। নিহত ব্যক্তি হলেন জামাল উদ্দিন (৫০)। আহতের নাম আবু তালেব (৪৫)। এসআই বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা রাতে গণপূর্ত ভবনে হামলা চালিয়ে প্রথমে দুই নৈশ প্রহরীর হাত-পা বেধে ফেলে। এরপর ভবনের বিভিন্ন কক্ষের স্টীল আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। পরে নৈশ প্রহরীদের মারপিট করে এবং জামাল উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে।" পুলিশ সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর হাত-পা বাধা আবু তালেবকে গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাশার জানান, ১২ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজের ঠিকাদারিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ বিভিন্ন আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হলেও শুধুমাত্র ওই কাজের একটি দরপত্র পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কি কারণে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে দেশের বিভিন্ন স্থানে এর আগে একইভাবে অফিসের কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। এটিও সেরকমই কোনো ঘটনা বলে মনে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫১৪ ঘ.