ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো শ্রম আইনের শর্ত পূরণ করছে কিনা তা পর্যবেক্ষণে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ক্ষমতাসীন দলের সাংসদ রওশন জাহান সাথীকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
জাতীয় সংসদ ভবনে বৈঠকের পর কমিটির সভাপতি ইস্রাফিল আলম সাংবাদিকদের বলেন, "কারখানা মালিক ও ব্যবস্থাপকরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে শ্রমিকদের সুবিধা দিচ্ছে কিনা তা দেখতে এই উপ-কমিটির সদস্যরা উৎপাদন শাখাগুলো পরিদর্শন করবে।"
উপ-কমিটির অন্য সদস্যরা হলেন ননীগোপাল মণ্ডল, জাকির হোসেন, শহীদুজ্জামান সরকার ও মোশারফ হোসেন।
কারখানা পরিদর্শন শেষে উপ-কমিটি স্থায়ী কমিটির কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে বলে জানান ইস্রাফিল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এসকে/২৩১৩ঘ.
bdnews24